জেলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের ছোট ভাইয়ের জামাইয়ের আঘাতে জরিনা বেগম (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।
এর আগে রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বরফকল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম ওই এলাকার মৃত মোসলেম হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জরিনা বেগমের ভাই আব্দুর রব হাওলাদার এবং তার মেয়ের জামাই মো. শাহজাহান গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে এক শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমির একটি অংশে জরিনা বেগমের ঘরের বারান্দা থাকায় প্রতিপক্ষ তা সরিয়ে নিতে চাপ দিয়ে আসছিল।
ঘটনার দিন এ বিষয়কে কেন্দ্র করে জরিনা বেগমের ছেলেদের সঙ্গে আব্দুর রব হাওলাদার ও তার জামাই শাহজাহান গাজীর বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষের লোকজন জরিনা বেগমের দুই ছেলে লিটন সিকদার ও রিপন সিকদারকে মারধর করে।
এসময় মা জরিনা বেগম বাধা দিতে গেলে শাহজাহান গাজী তাকে তুলে আছাড় মারেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে লিটন সিকদার অভিযোগ করে বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় এবং তার মাকে নির্মমভাবে আঘাত করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস