images

সারাদেশ

শায়েস্তাগঞ্জ জংশনে মোবাইল চুরি ও মাদকবিরোধী অভিযানে আটক ১০

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে মোবাইল চুরি প্রতিরোধ ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজনকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ও বাকিদের বিরুদ্ধে মানবিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুরে আটক ব্যক্তিদের মধ্যে আব্দুর রহিম (৫৬), মানিক মিয়া (৫৪) ও লুৎফুর রহমানের (২৮) বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। অপরদিকে, দুই প্রতিবন্ধী দুলাল মিয়া (৪৫) ও হৃদয় মিয়াকে (৫০) মানবিক কারণে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আটক হওয়া আরও ৫ শিশুকে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

টেকনাফে মানবপাচারকারী চক্রের কবল থেকে রোহিঙ্গা নারীসহ উদ্ধার ১

এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে স্থানীয় জনতার সহযোগিতায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল জংশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন গাঁজা সেবন ও ৫ শিশু ড্যান্ডি সেবনের সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে ৩ জনকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি ৫ শিশু ও দুই প্রতিবন্ধীকে মানবিক কারণে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, রেলওয়ে জংশনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মোবাইল চুরি ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের মতে, পুলিশের এমন অভিযান জংশন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

প্রতিনিধি/এসএস