images

সারাদেশ

নারায়ণগঞ্জে ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পৃথক দুটি অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা ডিপোর ঈদগাহর পাশের একটি স্পটে অভিযান চালানো হয়। এ সময় ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়। অভিযানে অবৈধ মজুদদার সিফাতকে ছয় হাজার টাকা অর্থদণ্ড এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে একই এলাকায় মেঘনা ডিপোর পাশের এস এ রোড সংলগ্ন একটি বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে তিন হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জ্বালানি মজুত ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমআর/এমআই