images

সারাদেশ

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৯:০২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হলেও দলীয় মূল্যায়নে নতুন দায়িত্ব পেলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তাকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নজরুল ইসলাম মোল্লাসহ দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়। এর আগে বরগুনা জেলা প্রশাসক অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও বরগুনার রাজনীতিতে নজরুল ইসলাম মোল্লার দীর্ঘদিনের অবদান ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার এই নিয়োগে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও সন্তোষ বিরাজ করছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, জেলার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তে নজরুল ইসলাম মোল্লাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়োগে জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এদিকে, দায়িত্ব পাওয়ার পর নজরুল ইসলাম মোল্লা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক প্রতিক্রিয়ায় বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও পরিশ্রমের জন্য তিনি কৃতজ্ঞ। অল্প ব্যবধানে বিজয়ী হতে না পারলেও এ সমর্থন তাঁর জন্য অমূল্য সম্পদ।

তিনি আরও বলেন, দলের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিশেষভাবে দলীয় শীর্ষ নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে তিনি বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি/এমআই