images

সারাদেশ

গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের

জেলা প্রতিনিধি

৩১ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম মিয়া খোরশেদ (৪০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম মিয়া খোরশেদ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, নুর আলম মিয়া অটোভ্যান চালিয়ে মহাসড়ক দিয়েন যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা হানিফ পরিবহন নামের একটি দ্রুতগতি বাস এ ভ্যানে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে নুর আলম মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।