জেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের মোট ১৪টি জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ৩ অনুযায়ী ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) মোতাবেক বর্ণিত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ সংশোধিত আইনের ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক সম্মানি ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম চাঁদপুর জেলা আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ সদস্য এবং বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি এবং চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তি সৌধ নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রতিষ্ঠাকালীন সদস্য এবং মেলা উদযাপন কমিটির ১২ বছর মহাসচিব ও তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে তিনি চাঁদপুরের প্রথম সংবাদপত্র ‘বলাকা’ প্রকাশ করেন। এছাড়াও তিনি অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
প্রতিনিধি/একেবি