images

সারাদেশ

জ্বালানি তেল সংকটে পদে পদে ভোগান্তি

৩১ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন ও কৃষি উৎপাদন চরম ঝুঁকির মুখে পড়েছে। সরকারি ডিপো থেকে জেলাপর্যায়ের ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় নগণ্য পরিমাণ জ্বালানি বরাদ্দ দেওয়ায় জেলাজুড়ে হাহাকার দেখা দিয়েছে। 

গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য গ্রাহকদের দীর্ঘ সারি কোথাও কোথাও দুই কিলোমিটার ছাড়িয়ে গেছে।

জেলা ফুয়েল পাম্প মালিক সমিতির তথ্য অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় স্থানীয় পর্যায়ে এই ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে ঝিনাইদহ জেলায় সপ্তাহে যেখানে ৫০ থেকে ৫২ হাজার লিটার জ্বালানি তেলের প্রয়োজন, সেখানে ডিপো থেকে বরাদ্দ মিলছে মাত্র ২৫ থেকে ৩০ হাজার লিটার। ফলে জেলার মোট ৩৬টি নিবন্ধিত পাম্পের মধ্যে প্রতিদিন গড়ে মাত্র ৬ থেকে ৭টি পাম্প চালু রাখা সম্ভব হচ্ছে, যা সংকটের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মোটরসাইকেল-নির্ভর বেসরকারি খাতের কয়েক হাজার চাকরিজীবী। বিশেষ করে বিভিন্ন ওষুধ কোম্পানি, এনজিও এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ লিটার পেট্রোলের প্রয়োজনে পাম্পে এসে পাচ্ছেন মাত্র ২০০ থেকে ৩০০ টাকার তেল। আবু রায়হান তৌফিক ও বিজয় বড়ুয়া নামে দুজন বিক্রয় প্রতিনিধি জানান, প্রতিদিন কয়েক ডজন দোকানে অর্ডার নিতে তাদের গ্রামীণ এলাকায় যেতে হয়, কিন্তু পর্যাপ্ত তেল না থাকায় তারা কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। এতে তাদের বিপণন কার্যক্রম ও সেলস পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারারাত নির্ঘুম থেকে লাইনে দাঁড়িয়েও সামান্য তেল পাওয়ায় তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

অন্যদিকে, বোরো মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে ডিজেলের সংকট জেলার কৃষি অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের সংকেত দিচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ঝিনাইদহ কার্যালয়ের তথ্যমতে, জেলায় মোট ৫৯ হাজার ৪৯১টি সেচ পাম্পের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার ২৩৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে ৫১ হাজার ৫৪২টি পাম্পই ডিজেলচালিত, যা দিয়ে ১ লাখ ১১ হাজার ৪৩২ হেক্টর জমিতে পানি সেচ দেওয়া হয়। বাকি ৩৭ হাজার ৩০৮ হেক্টর জমিতে ৭ হাজার ৯৪৯টি বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হয়।

ধানের থোড় (বাইল) আসার এই মুহূর্তে পর্যাপ্ত সেচ নিশ্চিত করা না গেলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আছালত আলী ও কালীগঞ্জের মিনাজ উদ্দিনের মতো সাধারণ কৃষকদের অভিযোগ, পাম্পে এলে তাদের মাত্র ২ থেকে ৩ লিটার ডিজেল দেওয়া হচ্ছে, যা দিয়ে সেচ কাজ চালানো অসম্ভব। অথচ তাদের চোখের সামনেই নসিমন, করিমন বা বড় যানবাহনগুলো ড্রাম ভরে ডিজেল নিয়ে যাচ্ছে। ফিলিং স্টেশন ছাড়াও ‘ড্রামে ডিজেল বিক্রির অনুমোদিত’ ডিলাররাও ডিপো থেকে সরবরাহ না পাওয়ায় কৃষকদের এই ভোগান্তি আরও বেড়েছে।

ঝিনাইদহ ফুয়েল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও পাম্প মালিক হাসু মিয়া জানান, ডিপো থেকে চাহিদার মাত্র অর্ধেক তেল পাওয়ায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। তারা অভিযোগ করেন, অনেক মোটরসাইকেল চালক বারবার লাইনে দাঁড়িয়ে তেল মজুত করছেন, যার ফলে কৃত্রিম সংকট আরও ঘনীভূত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানিয়েছেন, সরকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে এবং অনিয়ম রোধে ইতোমধ্যে ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এছাড়া প্রতিটি পাম্পে তদারকির জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে জ্বালানি বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে। উল্লেখ্য, জেলার সদর, শৈলকূপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মিলিয়ে মোট ৩৬টি ফিলিং স্টেশন থাকলেও প্রতিদিন অধিকাংশ বন্ধ থাকায় সংকটের চিত্র আরও ভয়াবহ আকার ধারণ করছে।

প্রতিনিধি/একেবি