জেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
ফরিদপুরে এক যুবতীকে (২৮) ধর্ষণের দায়ে প্রতিবেশী জামান খালাসী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর প্রায় ৩টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জামান খালাসী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে প্রতিবেশী গ্রামে ওই যুবতীর বিয়ে হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে জামান খালাসী ও তার এক অজ্ঞাত সহযোগী তাকে জোরপূর্বক বাড়ির পাশের একটি কালাই ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান।
এ ঘটনায় পরদিন ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জামান খালাসীর পাশাপাশি এক অজ্ঞাত সহযোগীকেও আসামি করা হয়।
মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. মিরাজ হোসেন। তিনি ২০১৮ সালের ১৮ জুন মামলার তদন্ত শেষে জামান খালাসীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের পিপি গোলাম রব্বানী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালত এ সাজা প্রদান করেছেন। রায়ের সময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধি/জেবি