images

সারাদেশ

নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

৩১ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

নাটোরে হামের উপসর্গ নিয়ে কাশফি নামে সাড়ে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশু কাশফি নাটোর সদর উপজেলা ৫ নং বড় হরিশপুর ইউনিয়নে ঋষি নওগাঁ এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

নিহত শিশুর বাবা সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার(২৬ মার্চ) হঠাৎ বাচ্চার শরীরে প্রচণ্ড জ্বর, সর্দি দেখা দেয়। পরের দিন শুক্রবার সর্দি ও জ্বর নিয়ে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার গলা ও সারা শরীরে হামের মতো ফুসকুড়ি দেখা দেয়। চার দিন চিকিৎসা চলার পর সোমবার শিশুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু।

নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত ৩৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে ১৩ জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। গত ২৭ মার্চ পর্যন্ত ৭ জন শিশু হাসপাতালে ভর্তি হলেও, গতকাল সোমবার (৩০ মার্চ) হাসপাতালে হামে আক্রান্ত ৬ জন শিশু ভর্তি ছিলেন। দুইজন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এক শিশুর অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

আজ হাসপাতালে তিনজন শিশুর শারীরিক অবস্থান পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, বর্তমানে হামে আক্রান্ত তিনজন শিশুকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজশাহীতে মৃত শিশু হামে আক্রান্ত কি না, তা এখনও নিশ্চিত নয়। তার পরীক্ষার-নিরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিতভাবে বলা যাবে।

প্রতিনিধি/ এজে