images

সারাদেশ

বগুড়ায় সেচ পাম্পের জমি নিয়ে বিরোধে কৃষককে হত্যা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

৩১ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

সেচ পাম্পের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বগুড়ার গাবতলীতে আব্দুল লতিফ (৬৫) নামে কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত গৌরব সিংহকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) জামালপুর জেলার মিলান্দহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গৌরব সিংহ (৩৩) গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার জ্ঞানেন্দ্র নাথ সিংহের ছেলে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রামের শালমারা মাঠের একটি শ্যালো মেশিন ঘরের পাশ থেকে গত ২৯ মার্চ সকালে আব্দুল লতিফ (৬৫) নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

আরও পড়ুন

নওগাঁয় গ্যারেজে রাখা বাসের ভেতর মিলল যুবকের মরদেহ

নিহতের পরিবার জানায়, ২৮ মার্চ রাত সাড়ে নয়টার দিকে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজস্ব স্যালো মেশিন ঘরে রাত যাপনের জন্য যান লতিফ। ধারণা করা হচ্ছে, ওই রাত ১০টা থেকে পরদিন সকাল ছয়টার মধ্যে কোনো এক সময় তাকে হত্যা করা হয়।

ওসি রাকিব হাসান বলেন, সেচ পাম্পের জমি নিয়ে নিহত লতিফের সঙ্গে গৌরব সিংহের বিরোধ ছিল। কয়েক বছর আগে জমি বিক্রির পর দলিল সম্পন্ন না হওয়ায় টাকা ফেরত দেওয়া হলেও পাম্প সরানো নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ও মারামারির ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, তদন্তে জানা গেছে, ঘটনার রাতে গৌরব সিংহ জামালপুর থেকে গাবতলীতে এসে লতিফকে একা পেয়ে মারধর করেন। এক পর্যায়ে কোদাল দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন। পরে তিনি আবার জামালপুরে চলে যান। ঘটনাস্থলের পাশ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাংক কার্ড উদ্ধার করা হয়, যা গ্রেফতার আসামির বলে নিশ্চিত হওয়া গেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কোদালও উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাবতলী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস