images

সারাদেশ

শ্রীমঙ্গলে বিপন্ন তক্ষক নিয়ে গুজব, পরে উদ্ধার

জেলা প্রতিনিধি

৩১ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দোকান থেকে বিপন্ন প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের নতুন বাজারে শ্যামল দেবের গুড়ের দোকান খোলার পর ভেতরে একটি তক্ষক দেখতে পান কর্মচারীরা। হঠাৎ প্রাণীটি চোখে পড়ায় আতঙ্কিত হয়ে তারা চিৎকার শুরু করেন। এতে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান। এ সময় উপস্থিত কিছু মানুষের মধ্যে তক্ষকটি বিপুল অর্থে বিক্রি করা যায় এমন ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ে।

দোকানের এক কর্মচারী জানান, দোকান খুলেই ভেতরে বড় একটি তক্ষক দেখে তারা ভয় পেয়ে গিয়েছিলেন। পরে স্থানীয়দের ভিড় জমে যায়। দোকানের মালিক শ্যামল দেব বলেন, ‘বিষয়টি বুঝতে পেরে আমরা দ্রুত বন্যপ্রাণী সংশ্লিষ্টদের খবর দিই। তারা এসে তক্ষকটি নিরাপদে উদ্ধার করেন।’

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া পরিবেশকর্মীরা জানান, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানোই সবচেয়ে দায়িত্বশীল আচরণ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তক্ষক একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির প্রাণী। এটি কেনাবেচা বা অবৈধভাবে সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে এই প্রাণীটির দাম বা ওষুধি গুণ নিয়ে সমাজে প্রচলিত উচ্চমূল্যের গুজবগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে তারা উল্লেখ করেন।

প্রতিনিধি/একেবি