জেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন(৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন ওই এলাকার লুৎফর রহমানের পুত্র। বিষয়টি পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় এক গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন মামুন। এ সময় খুঁটির উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আটকে যান। কিছুক্ষণ পর তিনি নিচে পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তার কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। ইসিজি করার পর নিশ্চিত হওয়া যায় যে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত মামুন দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/ এজে