জেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে দ্বিতীয় দিনের মতো ‘ফুয়েল কার্ড’ বিতরণ করছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে জেলার চারটি উপজেলা পরিষদে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
ভোর থেকেই নিজ নিজ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিড় জমায় সাধারণ মানুষ। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে দেখা যায় তাদের।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড সংগ্রহ করতে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে এবং চাহিদা অনুযায়ী তেল প্রদান করা হবে।

তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা বিক্রি করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান জানান, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিতরণ শুরু হলে তেলপাম্পে বিশৃঙ্খলা কমবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণে আসবে। এতে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিনিধি/এসএস