জেলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চার শিশু ভর্তি হয়েছে। ভর্তি হওয়া এসব শিশুকে আইসোলেশন ওয়ার্ডে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে আক্রান্তদের দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা ও রাজশাহীর মতো হামে আক্রান্ত শিশুর সংখ্যা রংপুরে অতটা বেশি না হলেও গত সপ্তাহ থেকে হাসপাতালে আক্রান্তরা আসতে শুরু করেছে। গত রবিবার পর্যন্ত হাসপাতালে ৪ জন হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে, তবে আজ নতুন কোনো রোগী আসার খবর পাওয়া যায়নি।
চিকিৎসাধীন শিশুরা হলো লালমনিরহাট সদর উপজেলার আব্দুস সালামের ৮ মাস বয়সী মেয়ে আমাতুল্লাহ জান্নাত, দিনাজপুরের পার্বতীপুরের রণজিৎ রায়ের ৭ মাস বয়সী মেয়ে প্রজ্ঞা রায়, গাইবান্ধার সুন্দরগঞ্জের মো. আলামিনের ২ বছরের ছেলে আরাফাত এবং রংপুর নগরীর তাজহাট এলাকার সোহাগ আহম্মেদের ৯ মাস বয়সী ছেলে সাইয়েম আহম্মেদ।
আক্রান্তদের শিশু বিভাগ থেকে স্থানান্তর করে ৯ নম্বর ওয়ার্ডে আইসোলেশন সুবিধায় রাখা হয়েছে। সেখানে অক্সিজেন সরবরাহসহ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আসা অভিভাবক আল আমিন জানান, হঠাৎ তার সন্তানের শরীরে হামের লক্ষণ দেখা দিলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়।
বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে এবং সে সুস্থ আছে। রংপুর মেডিকেলের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম তানভীর চৌধুরী জানান, হাম একটি সংক্রামক ব্যাধি, তাই আক্রান্তদের থেকে দূরত্ব বজায় রাখা এবং শিশুদের নিরাপদে রাখা জরুরি। প্রয়োজনে মুখে মাস্ক ব্যবহার এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, বর্তমানে ৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম তানভীর আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীর চাপ বাড়লেও হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
প্রতিনিধি/একেবি