জেলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) উড়ালসড়কে চলন্ত একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কাদেরিয়া গেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৬-৫৮৩৬) বিআরটি উড়ালসড়কের কাদেরিয়া গেট এলাকার লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ তাতে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষতিগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগেছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।’
প্রতিনিধি/একেবি