জেলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম
নাটোরের সিংড়ায় অবৈধভাবে প্রায় সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনাদায় দুই মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর গ্রামে এক অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
সিংড়া উপজেলা প্রশাসন জানান, চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুদের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর গ্রামের ব্যবসায়ী আলতাফ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল পেট্রোল, ৫ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল মবিল উদ্ধার করা হয়। এ সময় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায় দুই মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেছেন, অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে তেলের সংকট সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে বলে এ কর্মকর্তা জানান।
প্রতিনিধি/এসএস