জেলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুদ ও খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় একটি তেলবাহী ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সঙ্গে ট্যাংক লরিটিও আটক করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল জানান, জব্দ করা ট্যাংক লরি ও ব্যারেলগুলোতে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন রয়েছে। ঘটনাস্থল থেকেই এ চক্রের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো বাইরের কোনো জেলা থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি