images

সারাদেশ

লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম

হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হবিগঞ্জ শহরের সাইফুল মিয়ার সঙ্গে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের ইমন মিয়া, লোকমান মিয়া, ও সালমান মিয়ার বিরোধ চলছিল।

রোববার সাইফুল মিয়া মশাদিয়া গ্রামের মাঠে তার বন্ধু সবুজ মিয়ার সঙ্গে দেখা করতে যান। এ সময় সালমান মিয়া ও তার ভাই লোকমান মিয়াসহ স্বজনরা সাইফুল মিয়ার ওপর হামলা চালিয়ে আহত করেন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম‌কে গুলি

পরে তার বন্ধু একই গ্রামের ছেনু মিয়ার ছেলে সবুজ মিয়াসহ কয়েকজন বিষয়টি সম্পর্কে জানতে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে তাদের মধ্যে বাগতিন্ডা হয়। এক পর্যায়ে উভয়ের পক্ষ নিয়ে তাদের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উল্লিখিত সংখ্যক লোক আহত হন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাঙ্গামাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস