জেলা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ব্যবস্থাপনায় অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন তেল ডিপোতে ৪৬ ব্যাটালিয়নের ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে জানিয়ে সরকার আসিফ মাহমুদ বলেন, আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান-কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী-বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন।
তিনি আরও জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত পদ্মা, যমুনা ও মেঘনা এই ৩টি জ্বালানি তেলের ডিপোতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সব ডিপোতে সার্বক্ষণিক ১ সেকশন করে জনবল দ্বারা নিয়মিত তদারকি জারি রাখাসহ কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের আওতাধীন ৫টি জেলার (সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ জেলা) ১০টি জ্বালানি তেলের ডিপোসহ সারাদেশের ৯টি জেলার মোট ১৯টি জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্লাটুন মোতায়েন করা হয়েছে। ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়াও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ১১৫ কিলোমিটার সীমান্তে নিয়মিত ও অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। আইসিপি ও এলসিপিতে আমদানি-রফতানি কাজে ব্যবহৃত ট্রাক-লরি ও অন্যান্য যানবাহনের মাধ্যমে যেন অতিরিক্ত তেল বহন করে পাচার করতে না পারে সেজন্য যানবাহন সমূহ বিশেষ নজরদারির আওতায় রাখা হচ্ছে।
এদিকে তেলের ডিপোগুলো থেকে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রোল পাম্পগুলোতে মিলছেনা তেল। এ বিষয়ে প্রশাসনের নজরদারিও লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ করেন ক্রেতারা।
এসময় উপস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর ম্যানেজাররা উপস্থিত ছিলেন। তারা জানান, ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে কী কারণে পাম্পে তেল পাওয়া যাচ্ছে না তা তারা জানেন না।
প্রতিনিধি/এসএস