images

সারাদেশ

মাদারীপুরে হামলার শিকার ভুক্তভোগী ইতালি প্রবাসী মামলার আসামি

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইতালি প্রবাসী ও তার পরিবারের সদস্য আহত হন। এই ঘটনায় থানায় মামলা হলে পরদিন উল্টো পাল্টা মামলার আসামি ভুক্তভোগীর পরিবার। রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের নিলামবর্দী গ্রামে এ ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈরের নিলামবর্দী গ্রামের ইতালি প্রবাসী আলী আহম্মেদ হাওলাদারের সাথে প্রতিবেশী আমিনুল হক হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২২ মার্চ রাত পৌনে ৮টার দিকে ইতালি প্রবাসী ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ আমিনুল ও তার লোকজন। এ সময় ইতালি প্রবাসীর পরিবারের বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। স্বর্ণ ও নগদ টাকা লুটপাটেরও অভিযোগ ওঠে। ভুক্তভোগীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রাজৈর থানা পুলিশ। এই ঘটনায় ২৩ মার্চ আমিনুল হক হাওলাদারসহ ১১ জনের নামে মামলা করে আলী আহম্মেদ হাওলাদারের বড় ভাই আবুল কায়েস। এরপর দিন ২৪ মার্চ প্রতিপক্ষ আমিনুল হক হাওলাদারের পক্ষ থেকে ইতালি প্রবাসী আলী আহম্মেদ হাওলাদারসহ ৭ জনের নামে একই থানায় মামলা দায়ের করা হয়। সেখানে বলা হয় একইভাবে আমিনুলের পরিবারের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। এদিকে হামলা আহত আলী আহম্মেদ হাওলাদারের চাচা শ্বশুর রাজ্জাক হাওলাদারকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে।

আরও পড়ুন

ট্রাকচাপায় তেল পাম্পের ম্যানেজারকে হত্যা, অভিযুক্ত চালক গ্রেফতার

ভুক্তভোগী আবুল কায়েস বলেন, ‘আমার পরিবার, ছোট ভাইয়ের শ্বশুরসহ বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করেছে। হামলার পর হাসপাতালেও চিকিৎসা নিতে গিয়ে আতঙ্ক রয়েছি। আমি এই হামলার বিচার চাই।’

ইতালি প্রবাসী আলী আহম্মেদ হাওলাদার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ইতালি থাকি। দেশে বর্তমানে ছুটিতে এসেছি। আমার পরিবারের ওপর এমন হামলা কিছুতেই মেনে নিতে পারছি না। এই ঘটনার কঠিন বিচার হওয়া উচিত।’

b6b14cc9-d274-4735-bd2a-47de95c95e30

অভিযুক্ত আমিনুল হক হাওলাদার বলেন, ‘আমার পরিবারের ওপর হামলা হয়েছে, তাই মামলা করেছি। আমি মিথ্যা কোনো মামলা করিনি। আইনে যে বিচার হয়, সেটাই মেনে নেব।’

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘মারামারিকে কেন্দ্র করে দুইপক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। কোনো নির্দোষ মানুষকে হয়রানি করা হবে না।’

প্রতিনিধি/এসএস