images

সারাদেশ

ট্রাকচাপায় তেল পাম্পের ম্যানেজারকে হত্যা, অভিযুক্ত চালক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

নড়াইল সদর উপজেলায় জ্বালানি তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতন্ডার পর নাহিদ সরদারকে (৩৫) চাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

রোববার (২৯ মার্চ) বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬ যশোর)। 

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধায় র‍্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গ্রেফতার ট্রাক চালক সুজাত আলী মোল্যা সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণ পাড়া) গ্রামের মো. ছাইদুর রহমান ওরফে তহিদুর মোল্যার ছেলে।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট সহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। রোববার দুপুরে ঘাতক ট্রাকটিকে (যশোর -ট-১১-৬০৪০) যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারন হাইওয়ে থানা পুলিশ। আর অভিযুক্ত ট্রাকচালক সুজাতকে একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ৬ যশোর)।

আরও পড়ুন

ট্রাকচাপায় ম্যানেজারকে হত্যা: নড়াইলে সব পাম্প বন্ধ ঘোষণা

নিহত নাহিদ সরদার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

এর আগে, শনিবার (২৮ মার্চ) মধ্য রাতে সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে যশোর নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাক চাপায় নিহত হয় তেল পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত নাহিদের চাচা ও তানভীর, ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাক চালক সুজাত মোল্যাকে প্রধান অভিযুক্ত করে রোববার দুপরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এসএস