জেলা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারি ও অনিয়ম ঠেকাতে বরিশাল জেলার ২৯টি পেট্রোল পাম্প চষে বেড়াচ্ছেন সদ্য দায়িত্ব পাওয়া ট্যাগ অফিসাররা।
রোববার (২৯ মার্চ) বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ২৯ জন ট্যাগ অফিসার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়োগ করা ট্যাগ অফিসারদের পর্যবেক্ষণে ৯ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ করছেন।
সরকারি আদেশ অনুযায়ী- ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট পাম্পে নিয়মিত তদারকির পাশাপাশি জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত, কৃত্রিম সংকট, মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির রোধে কাজ করছেন।
তথ্যানুযায়ী, বরিশাল সদর উপজেলায় নথুল্লাবাদ, নতুন বাজার, সাগরদী, রূপাতলী, দপদপিয়া ও চরকাউয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক ফিলিং স্টেশনে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য নিয়ন্ত্রক ও নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে বরিশাল অটো সার্ভিস ফিলিং স্টেশন, ইসরাইল ভালুকদার ফিলিং স্টেশন, কলেজ রোড ফিলিং স্টেশন, ডোস্ট ফিলিং স্টেশন, লিলি ফিলিং স্টেশন, রূপাতলী ফিলিং স্টেশন, হাজি ফিলিং স্টেশন, তুরাগ অয়েল অ্যান্ড গ্যাস সার্ভিস, শাওন ফিলিং স্টেশন, শেখ ফিলিং স্টেশন, ইছাকাঠী ও রাব্বি ফিলিং স্টেশন, সারা ফিলিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলোতে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
উজিরপুর উপজেলায় ইউনিক ফিলিং স্টেশন, কামিনি, সাকুরা, সাজু ও মহিউদ্দিন ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ট্যাগ অফিসার করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গৌরনদী উপজেলায় আরিফ, আশোকাঠী, মা ও সেন্ট পিটার্স ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও সমবায় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
বাকেরগঞ্জ উপজেলায় হাওলাদার, মিশু, জোবায়দা ও এম খান ফিলিং স্টেশনে খাদ্য নিয়ন্ত্রক, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাদের ট্যাগ অফিসার করা হয়েছে।
তথ্যমতে, সম্প্রতি বরিশালের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হচ্ছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং দ্রুতই জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে।
প্রতিনিধি/এসএস