জেলা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানাসহ মজুত করা ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।

জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মুদি দোকানি আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা এবং তার দোকানে থাকা ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অপরাধে মেসার্স আশা এন্টারপ্রাইজ নামের একটি মিনি ফিলিং স্টেশনের মালিক বাদশা মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পেট্রোলিয়াম আইন লঙ্ঘনের দায়ে তাদের এই অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
প্রতিনিধি/এসএস