images

সারাদেশ

বরগুনায় পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি খাতে স্বচ্ছতা জোরদার

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত ও অনিয়ম প্রতিরোধে বরগুনা জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, জেলায় পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রয়ে মূল্য তালিকা প্রদর্শন, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং কোনো ধরনের অনিয়ম বা কারসাজি হচ্ছে কিনা তা তদারকির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বরগুনা সদর, আমতলী ও পাথরঘাটা উপজেলার একাধিক ফিলিং স্টেশনে এই ট্যাগ অফিসাররা নিয়মিত মনিটরিং করবেন।

36e3f78a-8741-4344-9304-3f76447575ac

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন। তারা নির্ধারিত পাম্পগুলোতে গিয়ে তেলের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কিনা, পরিমাপে কোনো গরমিল রয়েছে কিনা এবং গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন কিনা, এসব বিষয় তদারকি করবেন।

আরও পড়ুন

পিরোজপুরে হেলমেট-রেজিস্ট্রেশন ও স্লিপ ছাড়া তেল দেওয়া হবে না: ডিসি

এ বিষয়ে জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস (ভারপ্রাপ্ত) বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা জ্বালানি খাতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছি। পেট্রোল পাম্পগুলোতে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সেজন্য নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে।

e65b4fbc-8229-49ff-a5b8-b7cfdeb70665

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা আমাদের প্রধান লক্ষ্য। কেউ যদি নির্ধারিত মূল্যের বেশি নেয় বা কম পরিমাণ তেল সরবরাহ করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস