জেলা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ০৪:০৫ এএম
সাভারের আমিনবাজারে দীর্ঘ ১৭ বছরের অচলাবস্থা কাটিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিভুক্ত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল আগামী ৭ দিনের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
শনিবার (২৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে হাসপাতালটির পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
এ সময় আমান উল্লাহ আমান বলেন, “রাতারাতি সবকিছু সম্ভব নয়। তবে সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও জানান, হাসপাতালটি দ্রুত চালু করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা তার পক্ষ থেকে দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা কবীর, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এর আগে, সংসদ সদস্য আমান উল্লাহ আমান ৩১ শয্যাবিশিষ্ট কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২০ শয্যাবিশিষ্ট হযরতপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রতিনিধি/ এজে