images

সারাদেশ

ফুলপুরে অবৈধভাবে মজুত ২৪ হাজার লিটার তেল জব্দ

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ১২:৪৮ এএম

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামক একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্সে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে পাম্পটিতে অবৈধভাবে মজুত করে রাখা ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল এবং ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়।

অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে পাম্প মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দকৃত তেল সংশ্লিষ্ট পাম্পের মাধ্যমেই সাধারণ জনগণের কাছে নির্ধারিত মূল্যে বিক্রির তাৎক্ষণিক ব্যবস্থা করে দেয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, জনস্বার্থে এবং জ্বালানি সংকট নিরসনে এই ধরনের তদারকি নিয়মিত চলবে। কোনোভাবেই তেলের বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

এদিকে, গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটেও একই ধরনের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ২৩০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে।

প্রতিনিধি/  এজে