images

সারাদেশ

নওগাঁয় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে গুরুতর আহত বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আশরাফুল ইসলাম ফুলন (৩৫) উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে। অভিযুক্ত বাবু (৩০) তার আপন ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই বাবু ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে বড় ভাই ফুলনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ফুলনকে উদ্ধার করে প্রথমে মান্দা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন

শরণখোলায় কিশোরী হত্যায় ৩ আসামি গ্রেফতার, একজনের স্বীকারোক্তি

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে মান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস