images

সারাদেশ

ভোলায় বাসর ঘর থেকে পালিয়ে গেলেন বর, তালাবদ্ধ ঘরের সামনে স্ত্রীর অনশন

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম

ভোলার তজুমদ্দিনে বাসরঘর থেকে বর পালিয়ে যাওয়ায় বরের তালাবদ্ধ বাড়ির সামনে অনশনে বসেছেন নিপু আক্তার নামের তরুণী।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বামীর বাড়িতে অনশনে বসেন ওই তরুণী।

অভিযুক্ত ওই যুবকের নাম মো. হাসনাইন। সে ওই ওয়ার্ডের বাসিন্দা। অপরদিকে ভুক্তভোগী তরুণী একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, হাসনাইনের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। প্রায় ৩ বছরের সম্পর্কে প্রায় দেখা করতেন তারা। গেল ১৮ মার্চ রাতে দেখা করতে গেলে স্থানীয়রা দু'জনকে হাতেনাতে আটক করেন। পরে প্রেমের বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও দুই পরিবারের উপস্থিতিতে ৬ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করেন।

আরও পড়ুন

শরণখোলায় কিশোরী হত্যায় ৩ আসামি গ্রেফতার, একজনের স্বীকারোক্তি

তরুণীর অভিযোগ, বাসরঘর থেকে তার স্বামী হাসনাইন পালিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজখবর মেলেনি। এরপর শুক্রবার স্ত্রীর দাবিতে স্বামীর বাসায় আসেন তিনি। সেখানে পৌঁছানোর পরই স্বামীর বাড়ির লোকজন ঘরে তালা মেরে আত্মগোপনে চলে যান। বর্তমানে তালাবদ্ধ ঘরের সামনে অনশন করছেন তিনি।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসনাইন ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে।

0433b306-6be8-41af-a934-003cd6aab9bc

বিষয়টি নিয়ে ওই এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ঘটনাটি শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস