জেলা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম
রংপুরে ঝড়ে হাওয়ায় বিচ্ছিন্ন হওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কাজলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি পুলিশ রফিকুল ইসলাম। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া কাজলী বেগম ওই গ্রামের চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রংপুর নগরীতে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে সাইফুল ইসলামের বাড়ির বিদ্যুতের মিটারের একটি তার ঝড়ো হাওয়ায় ছিঁড়ে টিনের উপর পড়ে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়। সকালে সাইফুল ইসলামের স্ত্রী কাজলী বেগম নামাজ পড়ার জন্য ঘরের দরজা স্পর্শ করার সাথে সাথে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধারে স্বামী সাইফুল, কিশোরী কন্যা সাবরিনা, ভাশুর হাফিজুল ইসলাম ও ভাবী রত্না বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় কাজলী বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত জেলায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস