images

সারাদেশ

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

পঞ্চগড়ে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে পঞ্চগড়। এতে গাছ চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং ফসল ও ঘরবাড়ির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসে এ ক্ষয়ক্ষতি হয়। নিহত বৃদ্ধা চাকাতি বালার বাড়ি পঞ্চগড় পৌরসভার চাঁনপাড়া এলাকায়।

জানা যায়, ক্ষাতগ্রস্ত হয়েছে জেলার বিভিন্ন এলাকায় কয়েকশ মানুষ। কারো ঘরবাড়ি আবার কারো দোকানপাট ভেঙে গেছে ঝড়ে। জেলার বোদা, আটোয়ারী ও সদর উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। শতশত গাছপালা উপড়ে রাস্তায় ও ঘরবাড়ির উপর পড়েছে। রাত থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়ক থেকে গাছ অপসারণে কাজ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

এদিকে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসে জেলায় মরিচ, ভুট্টা, গম, পেঁয়াজের বীজসহ ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগিরা। অনেকের ঘরের চালা ফুটো হয়ে গেছে শিলাবৃষ্টিতে। অন্যদিকে বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকায়। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষেরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা চাকাতি বালা। অন্যদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। মধ্যরাতে শুরু হয় ঝড়ের তান্ডব। মুহুর্তের বাড়ির পাশে থাকা একটি গাছ উপড়ে পড়ে তার ঘরের ওপর।

চাপা পড়েন তিন। পরিবারের লোকজন যতক্ষণে গাছকেটে তাকে উদ্ধার করে দেখেন তিনি মারা গেছেন। 

এছাড়া পঞ্চগড় রেলস্টেশন এলাকার বাসিন্দা মইনুল ইসলাম ও খুকুমনি দম্পত্তি। মাঝ রাতে ঝড়ে পাশের ফ্লাটের উপর থেকে একটি ইটের দেয়াল ভেঙে পড়ে তার ঘরে। দেয়ালটি ঘরের চালা ভেদ করে তাদের উপরে পড়ে। আহত হোন তারা। তাদের চিৎকারে পরিবারের লোকজন মইনুল ও খুকুমনিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকার দরিদ্র ঝালমুড়ি বিক্রেতা আব্দুস সালামের দুটি ঘর ভেঙে পড়েছে ঝড়ে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, গাছচাপায় একজন মারা গেছেন। এছাড়া আমরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছি। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছি। অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। এছাড়া বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের টিম। 

প্রতিনিধি/ এজে