images

সারাদেশ

দেশে শান্তি প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আইনের চোখে সবাই সমান সেটা কোনো রাজনৈতিক কর্মী হোক বা প্রান্তিক কৃষক। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা। আর দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য।’

শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে পুলিশ ক্রমান্বয়ে আজকের পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু।’

তিনি আরও বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করা হয়েছে যে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবামুখী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনাসহ একটি আধুনিক ও দক্ষ আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। এই কমিশনের দায়িত্ব হবে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা। নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন এক পুলিশ বাহিনী চাই, যারা ক্ষমতার অপব্যবহার করবে না। বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি জোগাবে।’

প্রতিনিধি/একেবি