জেলা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরমান সরদার (৩৫) নামে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলার শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে স্ট্যান্ডে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঢাকাগামী বাস চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী ইথু ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পাঁচ্চর গোলচত্বর স্ট্যান্ডে আসেন। সেখানে একটি প্রাইভেটকার ভাড়া করা নিয়ে চালকের সাথে তার বাকবিতণ্ডা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আজমল হোসেনের অনুসারীরা দেশীয় অস্ত্রসহ স্ট্যান্ড এলাকায় জড়ো হন।
একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরিবহন সংশ্লিষ্ট ফারুক মোল্লা নামে এক ব্যক্তির অফিসে হামলা চালানো হয়। সংঘর্ষ চলাকালীন পিস্তলের গুলিতে আরমান সরদার (বাবা: নজরুল সরদার) গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
গুলি ও সংঘর্ষের খবরে মুহূর্তেই বাসস্ট্যান্ড এলাকা পরিবহনশূন্য হয়ে পড়লে যাত্রীরা বিপাকে পড়েন। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাত জানান ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রতিনিধি/একেবি