images

সারাদেশ

বাসের তেল ফুরিয়ে যাওয়ায় রেললাইনে বিশ্রাম, প্রাণ গেল ৫ জনের, এলাকায় শোক

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ১১:৫৬ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের তেল ফুরিয়ে যাওয়ায় রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ৫ যাত্রী। কিন্তু সেই অলস সময় কাটানোই কাল হয়ে দাঁড়াল তাদের জীবনে। অসাবধানতাবশত হঠাৎ আসা ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন মা-ছেলেসহ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫ জন।

শনিবার (২৮ মার্চ) সকালে নিহতদের মরদেহ গ্রামে পৌঁছামাত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তিরা হলেন পূর্ব নিজপাড়া গ্রামের হামিদুজ্জামান মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০), তার ছেলে নিরব মিয়া (১১), আজিজার রহমানের ছেলে সুলতান রহমান (২৫), আবদুর রশিদ মিয়ার মেয়ে রিফা আক্তার (২০) এবং বোয়ালীদহ নামাপাড়া গ্রামের দোলা বেগম (২৫)।

নিহতদের স্বজনরা জানান, তারা সবাই টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করতেন। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় পঁচার বাজার থেকে ‘বনশ্রী’ পরিবহনের একটি বাসে করে তারা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কালিহাতী এলাকায় বাসটির জ্বালানি ফুরিয়ে গেলে চালক গাড়ি থামিয়ে দেন। এ সময় যাত্রীরা অলস সময় কাটানোর জন্য পাশের রেললাইনে গিয়ে বসেন। দুর্ভাগ্যবশত, হঠাৎ একটি ট্রেন চলে এলে তারা সরার সুযোগ পাননি। ঘটনাস্থলেই ওই ৫ যাত্রী প্রাণ হারান।

শনিবার সকালে মরদেহগুলো গ্রামে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। বিলাপ করতে করতে হামিদুজ্জামান মিয়া বলেন, ‘আমার স্ত্রী নার্গিস গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতেন। আমার স্ত্রী ও সন্তান দুজনেই একসঙ্গে চলে গেল। এখন আমি কাকে নিয়ে বাঁচব?’

আরও পড়ুন—

ree

সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, ‘একই এলাকার ৫ জন নিহতের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। বাসের তেল ফুরিয়ে যাওয়ায় সামান্য সময়ের বিশ্রাম যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করা যায় না। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি এবং পরিষদের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

বর্তমানে নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। পুরো এলাকা জুড়ে এখন কেবলই কান্নার রোল আর বিষাদের ছায়া।

প্রতিনিধি/একেবি