images

সারাদেশ

কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ১১:২৯ এএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদে উপজেলার রামপুর বাজারে এনায়েতুর রহমান ওরফে এনায়েতউল্লার দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় দোকানের পেছনে অন্য একটি ঘরে লুকানো ড্রামে ৮০০ লিটার পেট্রোল পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম। পাশাপাশি মজুদ করা পেট্রোল জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনায়েতুর রহমান ওরফে এনায়েতউল্লা রামপুর বাজারে হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি অকটেন ও পেট্রোল বিক্রি করতেন। সম্প্রতি সারাদেশে অকটেন ও পেট্রোলের সংকট দেখা দিলে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে অন্য একটি ঘরে ছয়টি ড্রামে প্রায় ৮০০ লিটার পেট্রোল মজুদ করে রাখেন। গোপন সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে জব্দ করা পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য।

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে নিয়মিত অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। পাম্পসহ সংশ্লিষ্ট বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি