images

সারাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার, মুক্তাগাছায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ১০:৫২ এএম

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে আজিজুল হক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার বিকেলে ৫৪ ধারায় গ্রেফতারদেখিয়ে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি জামায়াতে ইসলামীর একজন সমর্থক।

এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক বলেন, ‘আজিজুল হক দলের কোনো দায়িত্বশীল পদে না থাকলেও আমাদের সমর্থক। তিনি একজন অশিক্ষিত মানুষ। তিনি আমাদের জানিয়েছেন যে, পোস্টটি অসাবধানতাবশত শেয়ার হয়ে থাকতে পারে অথবা অন্য কেউ তার আইডি ব্যবহার করে এটি শেয়ার করেছে।’

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, মুক্তাগাছা থানা-পুলিশ আজিজুল হককে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ছবিসহ একটি পোস্ট করা হয়। আজিজুল হক তার ব্যক্তিগত আইডি থেকে সেই পোস্টটি শেয়ার করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝনকা বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতারকরে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে একজনকে গ্রেফতারকরে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংক্ষুব্ধ পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।’

প্রতিনিধি/একেবি