images

সারাদেশ

শরীয়তপুরে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ০৯:০৫ এএম

শরীয়তপুরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় সূত্র জানায়, জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ জন শহীদের স্মরণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। কংক্রিটের ভিত্তির ওপর লোহার কাঠামোয় গড়ে ওঠা এই স্মৃতিস্তম্ভে শহীদদের নাম খোদাই করা ছিল।

ভাইরাল হওয়া প্রায় ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। আগুন জ্বলতে থাকা অবস্থায় ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার দৃশ্যও স্পষ্ট ধরা পড়ে ভিডিওতে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসীন মাদবরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ভিডিওটি ছড়ানো হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে একটি অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। সেই আন্দোলনের শহীদদের স্মৃতিতে আঘাত করা মানে পুরো জাতির অনুভূতিতে আঘাত করা। আমরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে, ততদিন এই ধরনের নাশকতার চেষ্টা চলতে পারে। তাই প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিসংযোগের ঘটনাটি তাৎক্ষণিক নয়। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে, বলেন তিনি।

এদিকে, স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/টিবি