জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম
চাঁদপুরের হাজীগঞ্জ নানার বাড়ির বাথরুমের বালতির পানিতে ডুবে আবরাহাম (১) নামের শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ-কংগাইশ গ্রামের বড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার দুইদিন আগে শিশুটি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আবরাহাম একই উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে দুই দিন আগে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে আবরাহাম। দুপুরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এ সময় নানার বসতঘরের ভিতরের বাথরুমে থাকা বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পেয়ে শিশুটির মা ডাক-চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পরিবারের ধারণা, বসতঘরের বাথরুমের বালতির পানিতে শিশুটি খেলতে গিয়ে কোনোভাবে উপুড় হয়ে বালটিতে আটকে যায়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গিয়েছে। যে সব ঘরে সাঁতার না জানা শিশু থাকে, সেসব পরিবার যেন বাথরুমে কোনোভাবে পানি জমিয়ে না রাখা হয় বলে পরামর্শ দেন এই চিকিৎসক।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
প্রতিনিধি/ এজে