জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উপজেলার বিভিন্ন তেলের পাম্প ও ডিপোতে তদারকি কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আঁকন।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব-৯ ও ফায়ার সার্ভিসের একটি দল অংশগ্রহণ করে।

জানা যায়, অভিযানকালে একটি প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস অবৈধভাবে মজুত রাখার অপরাধে এবং অন্য প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ সব অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকারকে দোষী সাব্যস্ত করা হয়। অবৈধভাবে তেল মজুত রাখার অপরাধে তাদের প্রত্যেককে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আঁকন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুই প্রতিষ্ঠানে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা অতিরিক্ত তেল ও এলপিজি গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে