জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘একজন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষা করেন এবং জেলা প্রশাসক (ডিসি) জেলার সামগ্রিক বিষয়াবলি তদারকি করেন। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা।’
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পাবলিক পরীক্ষায় নকলের প্রক্রিয়া শিক্ষকরাই শুরু করেছিলেন, আবার শিক্ষকরাই তা বন্ধ করেছিলেন। কিন্তু হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশে আবারও নকলে সয়লাব হয়ে গিয়েছিল। এখন থেকে আর নকল করে পরীক্ষা দেওয়া চলবে না। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মন্ত্রী বলেন, ‘দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য ‘এবাদতখানা’। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তবে সেটি হবে আপনাদের জন্য ‘সদকায়ে জারিয়া’। তাই আপনাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানই ইবাদত করার জায়গা।’
নকল বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী আমলের মতো (অনিয়মের) পরীক্ষা এ দেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে দুটি কলম থাকত—একটি কালো ও একটি লাল। শিক্ষকরা কালো কলম দিয়ে ছাত্রদের খাতায় উত্তর লিখে দিতেন এবং নকল সরবরাহ করতেন। এখন থেকে এসব অনিয়ম পুরোপুরি বন্ধ। আগামীতে সব পরীক্ষা হবে স্বচ্ছ ও নকলমুক্ত।’
মন্ত্রী আরও নির্দেশ দেন, ‘সামনে এসএসসি পরীক্ষা। প্রতিটি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বদা ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে রাখতে হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
পরবর্তীতে মন্ত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
প্রতিনিধি/একেবি