images

সারাদেশ

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত অন্তত ৮

জেলা প্রতিনিধি

২৭ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

ফেনীর সিলোনিয়া এলাকায় একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি বাস সিলোনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক-হেলপারসহ অন্তত ৮ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ৪ জন ফেনী শহরের রয়েল হাসপাতালে এবং ২ জন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। বাকিরা পার্শ্ববর্তী ফার্মেসি ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭), তার স্ত্রী মিনু (২৫) ও সোহাগ (৪৮)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ফেনী রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগে দায়িত্বরত জান্নাত জানান, ‘আমাদের হাসপাতালে চারজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে সোহাগ নামের একজনের নাম নিবন্ধিত হলেও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত চলে যান।’

মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক করে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। যারা কিছুটা বেশি আহত হয়েছিলেন, তারাও প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে রওনা হয়েছেন।’

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার আহত অবস্থাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

প্রতিনিধি/একেবি