images

সারাদেশ

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন 

জেলা প্রতিনিধি

২৭ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

যশোর-নড়াইল মহাসড়কে শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী সময়মতো নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের বাসটি যশোরের মনিহার এলাকা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় ১০ কিলোমিটার পর সদর উপজেলার ফতেহপুর এলাকায় পৌঁছালে এর ইঞ্জিনে আগুন ধরে যায়। বিকট শব্দে বাসটি থেমে গেলে ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দরজা ও জানালা দিয়ে দ্রুত বেরিয়ে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মহাসড়কের ওপর বাসটি দাউদাউ করে জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। ঘটনার পরপরই যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

প্রাথমিক তদন্তে বাসের যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে এসেছে। যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, বাসটি ছাড়ার আগেই চালক কর্তৃপক্ষকে যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন।

‘চালকের দাবি অনুযায়ী, ত্রুটি থাকা সত্ত্বেও মালিকপক্ষের চাপে তিনি বাসটি নিয়ে রওনা হয়েছিলেন,’ বলেন কাজী বাবুল ইসলাম। তিনি আরও যোগ করেন, ‘বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্তে মালিকপক্ষের গাফিলতি বা কোনো বেআইনি পদক্ষেপের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গত কয়েক বছরে বাংলাদেশে কারিগরি ত্রুটিপূর্ণ যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

প্রতিনিধি/একেবি