images

সারাদেশ

হাসিনা আমলের ‘হেলমেট বাহিনী’ই এখনকার ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সক্রিয় থাকা ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৭ মার্চ) রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। রাজশাহী জেলা বিএনপি এই সভার আয়োজন করে।

সাবেক এই মন্ত্রী ও বিএনপি নেতা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে কাজ করছে। বর্তমানে দেশে মব বা উশৃঙ্খল জনতা সৃষ্টি করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তার পেছনে এই বাহিনীর হাত রয়েছে।’

স্বাধীনতা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে মিনু বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট ব্যক্তির নয় বরং তৃণমূল কর্মীদের দল। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ কোনো ‘প্রভু’ নয়, বরং ‘বন্ধুত্বে’ বিশ্বাসী বলেও তিনি মন্তব্য করেন।

ভূমি মন্ত্রণালয়ের খাস জমি প্রসঙ্গে মন্ত্রী বলেন, নীতিগত কারণেই বিএনপি দখলদারিত্বের রাজনীতি করে না। মন্ত্রণালয়ের অধীনে পর্যাপ্ত খাস জমি থাকা সত্ত্বেও তারা কোনো জমি দখল না করে দলের মহাসচিবের নামে বৈধভাবে জমি কিনে স্থায়ী কার্যালয় নির্মাণ করার পরিকল্পনা করছেন।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেন। একইসঙ্গে তারা সাম্প্রতিক ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

দলের নেতাকর্মীদের সতর্ক করে সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী শাসনের কোনো দোসর যেন বিএনপির ছত্রছায়ায় দলে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকার ও তারেক রহমানের নেতৃত্বে একটি বেকারত্বমুক্ত এবং সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যই এখন দলটির প্রধান লক্ষ্য বলে সভায় জানানো হয়।

প্রতিনিধি/একেবি