images

সারাদেশ

জমির নামজারি করতে এমপির কাছ থেকেও নেওয়া হয় ২৫ হাজার টাকা ঘুষ!

জেলা প্রতিনিধি

২৭ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, জমির নামজারি করতে আমার কাছ থেকেও এক সময় ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়। তিনদিনের মধ্যে মিউটেশন দিতে হবে, সেই নির্দেশনা ভূমি অফিসের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। কোনো অর্থের বিনিময়ে এমন কাজ কেউ করলে, তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেন, শেখ হাসিনা সরকারের মতন যেন বিএনপির কোনো নেতাকর্মী স্বৈরাচার না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি-টেন্ডারবাজি না করতে পারে। পাশাপাশি কিশোর গ্যাং লালন-পালন করা যাবে না। কেউ জমিদখল করার চেষ্টা করলে, তার মাদারীপুরে জায়গা হবে না।

আরও পড়ুন

‘আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানের আসরও হবে’

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আরও বলেন, বিগতদিনে জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চেয়ে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে সাবেক এমপি। এর প্রমাণ বিভিন্ন এলাকার সড়ক, রাস্তাঘাট ও খাল উন্নয়ন না হওয়া। খাল ও নদীতে পর্যাপ্ত পানি থাকলেও আমরা সবাই গভীর নলকূপ ব্যবহার করি। কেন এ সময় এই নলকূপের কারণে খালে কিংবা নদীতে পানি থাকবে না। এমন পরিস্থিতি যেন না তৈরি হয়, এজন্য সারাদেশেই বিএনপি সরকার খাল খনন কর্মসূচির উদ্বোধন শুরু করেছে।

পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে ও নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, আড়িয়াল খাঁ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ বাদলসহ অনেকেই।

প্রতিনিধি/এসএস