images

সারাদেশ

ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবর্ষণ, লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী নিহত

জেলা প্রতিনিধি

২৭ মার্চ ২০২৬, ০২:১১ পিএম

খুলনার দিঘলিয়ায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে লক্ষ্য করে ছিনতাইকারীদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই এক সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিদুল ইসলাম নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ী প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তিন জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা তাহিদুলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়।

ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই এক সহযোগীর গায়ে লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, নিহত ব্যক্তির মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আহত ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একেবি