জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম
বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সৌরভ বিশ্বাস নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংড়ি গ্রামে ওই সংঘর্ষে সূত্র হয়। এ সময় সংঘর্ষে রাজিব শেখ নামে একজন নিহত হয়।
আটক ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

আটক সৌরভ বিশ্বাস (১৭), চিংগড়িয়া গ্রামের সোহেল বিশ্বাসের ছেলে এবং নিহত রাজিব শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামের ফারুক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ি গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই বংশের এই পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে কয়েক ঘণ্টা ধরে পালটাপালটি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই এলাকায় দীর্ঘক্ষণ ধরে বাড়িঘরে আগুন জ্বলতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীরা রিপন শেখ বলেন, সাঈদ বিশ্বাসের লোকজন শেখ বংশের লোকজনের উপর হামলা চালিয়ে বাড়িঘরে আগুন, লুটপাট, অগ্নি সংযোগ করে ২০টি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এসব পরিবারের ঘরবাড়িতে লুটপাট চালিয়ে আগুন দিয়ে ভস্মীভূত করে দেয়। বাদ যায়নি ভিক্ষুক দরিদ্র নারীর ঘরও।
আগুনে পুড়ে যাওয়ার ঘরের মালিক হেলেনা বেগম বলেন, ঘরবাড়ি লুটপাট করে এবং আগুনে পুড়িয়েও ক্ষান্ত হয়নি। তারা হত্যা করেছে। তাদের বংশের রাজিব নামে এক যুবককে। শুধু টিনের ঘর নয়, বিল্ডিং ঘরের মালামাল লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

পলাশী বেগম নামের আরেক ভুক্তভোগী নারী বলছিলেন, তার ঘরের মালামাল, গহনা সব কিছু লুটপাট করে বাকিটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
তারা বলেন, আমরা সারারাত খোলা আকাশের নিচে কাটিয়েছি। আরো কতদিন খোলা আকাশের নিচে থাকতে হয় জানি না। আমরা এর বিচার চাই।
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে আনশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস