জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
নিজের নির্বাচনি এলাকায় ওয়াজ ও কীর্তনের পাশাপাশি বাউল গানের আসরও বসবে এবং মাজার সংস্কৃতিতে কোনো বাধা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে আশুগঞ্জের দগরিসার এলাকায় আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে রুমিন ফারহানা গত ১৮ মাসের পরিস্থিতির সমালোচনা করে বলেন, ‘আমরা গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখেছি, কীভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল গান যারা করেন, তাদেরকে ধরে নিয়ে হেনস্তা করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। আমি জানি না আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কি না, কিন্তু আমি বলতে পারি সংখ্যা ধরে ধরে আমি প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি।’
সম্প্রতি সিলেটে বাউল গানের আসরে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশের দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানের আসরও হবে।’
সংস্কৃতি রক্ষার তাগিদ দিয়ে রুমিন ফারহানা আরও বলেন, ‘বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে লালন-পালন, ধারণ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের। যারা বাউল গান ও মাজারের সাথে যুক্ত, তারা আমাদের সংস্কৃতির একটি অংশ। সুতরাং যার যার মত, তার তার পথ। আমরা কেউ কারও মতের ওপর হস্তক্ষেপ করব না।’
প্রতিনিধি/এসএস