জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০৯:৩২ এএম
পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, জব্দ করা মদের আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে পঞ্চগড়ের বোদা থানার প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫৬ বিজিবির মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার শাহিনুল আলমের নেতৃত্বে অংশ নেয়। তারা সীমান্ত পিলার ৭৭৫/১০-এস/১২ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর মধ্যে ১১ বোতল Blenders Pride এবং ১৪ বোতল Signature Premier ব্র্যান্ডের মদ রয়েছে।
জব্দ করা মালামালের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে চোরাচালান রোধে কঠোর নজরদারি বজায় রাখা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রতিনিধি/এসএস