images

সারাদেশ

মাটিরাঙ্গায় বাস-মাহিন্দ্র সংঘর্ষে এক শিক্ষক নিহত, আহত ৫

জেলা প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ওই বিদ্যালয়েরই আরও পাঁচ শিক্ষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার হৃদয় মেম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দ্রমণি ত্রিপুরা (৫৫) মাটিরাঙ্গা উপজেলার তপ্ত মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং খাগড়াপুর এলাকার বাসিন্দা ছিলেন।

মাটিরাঙ্গা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ছয়জন শিক্ষক একটি মাহিন্দ্র যোগে বাড়ি ফিরছিলেন। পথে হৃদয় মেম্বারপাড়া এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি থেকে চাঁদপুরগামী ‘শান্তি পরিবহনের’ একটি বাসের সাথে মাহিন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রতে থাকা ছয়জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ভর্তি করা হয় এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। তবে চন্দ্রমণি ত্রিপুরার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। পরে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, দুর্ঘটনার শিকার যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 একেবি/একেবি