জেলা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমেন জানান, ঢাকাগামী ‘স্টার লাইন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত কারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মাগরিবের আজানের ১৫ মিনিট আগে কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এই সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই কার চালক এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের ৪ সদস্যসহ মোট ৫ জন প্রাণ হারান।
নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) এবং মেয়ে লাবিবা (১৮)। এছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের চালক বরিশাল নিবাসী জামাল হোসেন (৫২) ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনায় আব্দুল মমিনের আরেক ছেলে আবরার (১২) শারীরিকভাবে সুস্থ থাকলেও বর্তমানে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও দুই শিশু গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি শনাক্ত করার প্রক্রিয়া চলছে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি কার্যক্রম শুরু করেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/একেবি