images

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, উল্টে গেল যাত্রীবাহী বাস; আহত ২

জেলা প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের আম গাছে ধাক্কা লেগে উল্টে গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা স্লুইসগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত দুইজন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলার ডোমার উপজেলা থেকে দিনাজপুরগামী ‘শাহী পরিবহন’ নামে একটি যাত্রীবাহী গেটলক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আম গাছে ধাক্কা লেগে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত দুইজন যাত্রী হাতে ও শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাত পান।

খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই যাত্রীরা নিজ উদ্যোগে দুর্ঘটনাস্থল ত্যাগ করেন এবং নিকটস্থ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেন।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনজুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলটি কিছুটা দুর্গম ও দূরবর্তী। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছাই। আমাদের পৌঁছানোর আগেই যাত্রীরা নিজ উদ্যোগে চলে যান। পরে আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য আহত ও আতঙ্কিত দুইজনের চিকিৎসার বিষয়টি নিশ্চিত হই।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনা নিয়ে কিছু অতিরঞ্জিত তথ্য প্রচার করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। যাত্রীদের মালামালের নিরাপত্তা নিশ্চিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/একেবি